সাত দিন পরপর দিতে হবে এসএমই ঋণের তথ্য

ইত্তেফাক রিপোর্ট

এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণের তথ্য বাংলাদেশ ব্যাংককে সাত দিন পরপর দিতে হবে ব্যাংকগুলোকে। গতকাল এমন সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এটি ১৫ দিন পরপর দেওয়ার নির্দেশনা ছিল। জানা গেছে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনার ঋণ ঘোষণা করে। আগামী অক্টোবরের মধ্যে এ ঋণ বিতরণের সময়সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ ঋণ বিতরণে ব্যাংকগুলোর আগ্রহ কম দেখাচ্ছে। ঋণ বিতরণের তদারকি বৃদ্ধিতে বাংলাদেশ     ব্যাংক সিএমএসএমই খাতের জন্য প্রতিটি ব্যাংককে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিযুক্ত করতে নির্দেশনা দেয়। বাংলাদেশ ব্যাংকেও এক জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিযুক্ত করা হয়। তদারকি বাড়াতে ব্যাংকগুলোকে ১৫ দিন অন্তর অন্তর বিতরণকৃত ঋণের তথ্য দেওয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। তার পরও ব্যাংকগুলো এ খাতের ঋণ বিতরণে অনীহা দেখায়। সর্বশেষ গতকাল প্রতি সপ্তাহের ঋণ বিতরণের তথ্য পরবর্তী তিন দিনের মধ্যে দেওয়ার নির্দেশনা   দেওয়া হলো। এছাড়া প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের পাঁচ কার্যদিবসের মধ্যে দিতে হবে বাংলাদেশ ব্যাংককে।