আজিজ কো-অপারেটিভ কমার্সের সভা অনুষ্ঠিত

গত ১৯ সেপ্টেম্বর শনিবার আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও আমানতকারীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল। দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় ভাইস চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান, সেক্রেটারি এস এম হারুনার রশীদ ছাড়াও বক্তব্য রাখেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শাখা ব্যবস্থাপক ও আমানতকারীগণ। শাখা ব্যবস্থাপকগণ তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের আশু হস্তক্ষেপ কামনা করেন। আমানতকারীদের পক্ষে বক্তাগণ আমানতের সুষ্ঠু বিনিয়োগ ও পূর্বতন কমিটির বিভিন্ন অনিয়মের কারণে তাদের আমানত ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিটির প্রতি আহ্বান জানান। সারা দেশ থেকে প্রতিষ্ঠানের ১৩০ জন শাখা ব্যবস্থাপক ও ৪০ জন আমানতকারী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি