সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকটের কথা বলে পেঁয়াজ, চাল, ডাল, তেল ইত্যাদির দাম বাড়ানোর সংস্কৃতি বেশ পুরাতন। সাধারণ ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে আগের মজুদকৃত পণ্যও বেশ চড়াদামে বিক্রি করা হয়। করোনাকালের প্রাথমিক অবস্থায়ও মাস্ক ও স্যানিটাইজার সামগ্রীর বিপুল চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে নিম্নমানের সামগ্রী বিক্রি করা হয়েছে। তদারকি নিয়মিত না হওয়ায় অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের বাজার অনেকটা নিয়মিত বিরতিতেই অস্থিতিশীল করে তোলে। গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে এক্ষেত্রে সিন্ডিকেটকে দায়ী করা হলেও এখন পর্যন্ত সেই চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে  দেখা যায়নি। দেশে উত্পাদিত পণ্য এবং বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের দাম মাত্রাতিরিক্ত পর্যায়ে নেওয়ার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট খাতের সিন্ডিকেট সদস্যদের। অনৈতিকভাবে অতিরিক্ত মুনাফার আশায় বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দাম বেশি নেওয়ার এই অপচর্চা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আর সিন্ডিকেটকে চিরতরে নিষ্ক্রিয় করা না গেলে স্থানীয় বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা খুব একটা সহজ নয়। এ অবস্থায়, নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আবু ফারুক, বনরূপা পাড়া, বান্দরবান