ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে এবার পেঁয়াজ বীজসংকটের শঙ্কায় রয়েছেন চাষিরা। ইতিমধ্যে চাষিরা বীজ সংগ্রহ শুরু করেছেন। তবে দাম খুব চড়া। দেশি জাতের বীজ প্রতি কেজি সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। তবে হাইব্রিড জাতের বীজ কোম্পানিগুলো এখনো বাজারে ছাড়েনি। জেলার শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের চাষি আজমত বিশ্বাস জানান, তিনি এবার পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করবেন। সাড়ে ৪ হাজার টাকা কেজি দরে ফরিদপুর থেকে বীজ কিনে এনেছেন। বিঘাপ্রতি এক কেজি করে বীজ লাগে। তাই বীজসংকটের শঙ্কায় আছেন তিনি। নাদপাড়া গ্রামের চাষি মাজেদুর রহমান জানান, তিনি প্রতি বছর পেঁয়াজ চাষ করেন। এবারও তিন বিঘায় চাষ করবেন বলে জানান। তবে সমস্যা হচ্ছে বীজ নিয়ে। দেশি বীজের কেজি ৫ হাজার টাকা করে চাইছে ব্যবসায়ীরা।
শৈলকুপার বীজ ব্যবসায়ী সুশান্ত পাল জানান, হাইব্রিড লাল তির বীজ এখনো বাজারে ছাড়েনি, তারা রেটও জানায়নি। এদিকে মাগুরার একটি কোম্পানির বীজ খুচরা সাড়ে ৪ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিনাইদহের বিএডিসির উপসহকারী পরিচালক শফিউদ্দিন সবুজ জানান, বিএডিসি এখনো পেঁয়াজবীজ ছাড়েনি। গত বছর ডিলারদের মাধ্যমে প্রতি কেজি বীজ ১ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, এবার পেঁয়াজের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের উত্সাহিত করা হচ্ছে। সুলভমূল্যে চাষিরা যাতে বীজ পায় সে ব্যাপারে সতর্ক আছি।