নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে মৃত্যুর দুই মাস পাঁচ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উসমান আলী নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। মৃত উসমান আলী স্থানীয় রাজনগর ইউনিয়নের পুটলাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। পরিবার সূত্র জানায়, গত ১৬ জুলাই নিজ বসতবাড়ির গোয়ালঘরের পাশের পুকুর থেকে উসমান আলীর লাশ উদ্ধার হয়। ঐ সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়। পরে ১৭ আগস্ট চার জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন উসমানের বড় ভাই আছিম উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেয়।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তে জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।