ফরিদপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সদরপুরে উদ্ধার

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সোমবার ভোররাতে চুরি হওয়া শিশুকে সদরপুর উপজেলা থেকে সকালে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার গৃহবধূ আকলিমার চার দিনের কন্যাশিশু ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়। আকলিমা ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু পাচার আইনে অভিযোগ দায়ের করলে পুলিশ সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে ঠেঙ্গামারী গ্রামের ইসমাইলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। ইসমাইলের মেয়ে আন্না বেগম গত রবিবার রাতে একটি মৃত কন্যাশিশু প্রসব করেন। আন্না বেগমের মা নাজমা বেগম আকলিমার কোলে মৃত বাচ্চাটি রেখে তার জীবিত কন্যাশিশুটি নিয়ে পালিয়ে যায়।

ওসি মোরসেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। থানায় নারী ও শিশু পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।