ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পিআইবি পরিচালকের

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. ইলিয়াস ভূঁইয়া নিহত হয়েছেন। রবিবার রাতে কাজলা এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। আহত মোটরসাইকেল চালকের নাম ইলিয়াস মিয়া। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মৃত ইলিয়াস ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার সাদেকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ১৯৮৮ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা ইলিয়াস যুগ্ম সচিব পদমর্যাদায় পিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃতের ছোট ভাই ইয়াসির আরাফাত জানান, রবিবার ইলিয়াস ভূঁইয়া নারায়ণগঞ্জের ভুঁইগড়ে একটি কাজে যান। কাজ শেষ করে রাতে মোটরসাইকেল চালক ইলিয়াসকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছিলেন। শনিরআখড়া দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার সময় কাজলা এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ইলিয়াস ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।