মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে সাভারে মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত আশুলিয়া চাই’সহ বিভিন্ন ধরনের শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে সাভারে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জাতীয় স্মৃতিসৌধের গেটের সামনে স্থানীয় নিরিবিলি বস্তি এলাকার মাদক রাণী জুলেখা বেগম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করে পাথালিয়া ইউনিয়নের সাধারণ মানুষ। বক্তারা বলেন, জুলেখা নিরিবিলি বস্তি এলাকায় মাদক বিক্রি করে স্থানীয় যুবকদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভিন লাকি, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন নিরিবিলি শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।