রিমান্ড শেষে তিতাসের আট জনের জামিন
প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্তদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ৯ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে তিতাস গ্যাসের চার প্রকোশলীসহ আট জন রয়েছেন। গ্রেফতারকৃত ৯ জনকেই রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। এ ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা পেলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সিআইডি। এমন অবস্থায় গ্রেফতার আতঙ্কে আছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। যদিও বিস্ফোরণে মারা গেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ ও কোষাধ্যক্ষ জেলা প্রশাসনের কর্মচারী শামীম হাসান। এদিকে শনিবার রাতেই গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামে পশ্চিম তল্লা এলাকার স্থানীয় বিদ্যুত্ মিস্ত্রিকে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল হোসেন বলেন, ‘পশ্চিম তল্লার ঐ মসজিদে দুটি বিদ্যুত্ সংযোগ ছিল। যার মধ্যে একটি বৈধ এবং অপরটি অবৈধ। অভিযোগ রয়েছে, অবৈধ বিদ্যুত্ সংযোগটি স্থানীয় বিদ্যুত্ মিস্ত্রি মোবারক হোসেনের মাধ্যমে নেওয়া হয়েছে। এতে ডিপিডিসির সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছি। বাকিটা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।’ তার পরিপ্রেক্ষিতে গ্রেফতার আতঙ্কে আছেন বায়তুস সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরাও।
এদিকে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেফতার আট জনের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে দুই দিনের রিমান্ড শেষে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করে আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এরা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।
অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় কর্মসংস্থান, ভাতা ও আর্থিক সহযোগিতাসহ ছয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন হতাহতের পরিবারের সদস্যরা। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে ঐ স্মারকলিপি দেন তারা।