দাবি আদায়ে অভিভাবকদের আলটিমেটাম
ইত্তেফাক রিপোর্ট
টিউশন ফি দুই মাস বকেয়া হলে শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে—রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের জারি করা এমন নির্দেশনা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এমন ঘোষণায় ক্ষুব্ধ অভিভাবকরা গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে স্কুল কর্তৃপক্ষকে মানবিক আচরণের অনুরোধ করেছেন। পাশাপাশি এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকরা বলেন, গত মার্চ মাস থেকে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত রাখতে বারবার অনুরোধ জানানো হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ অনুরোধ আমলে না নিলে আমরা রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হই, আদালতে রিট করি। আদালত থেকে আমাদের পক্ষে নির্দেশনা দিলেও তা অমান্য করছে স্কুল কর্তৃপক্ষ।
অভিভাবকরা আরো বলেন, বর্তমানে দুই মাসের টিউশন ফি বকেয়া থাকলে ভর্তি বাতিল করার নির্দেশনা জারি করা হয়েছে। করোনার মধ্যে দুই মাসের বেতন পরিশোধ করতে না পারলে অনলাইন ক্লাস থেকে বহিষ্কারসহ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে। এ কারণে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সকল বকেয়া পরিশোধ করতে স্কুল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে। একজন শিক্ষার্থীর কাছে ভর্তির সময় প্রায় দেড় লাখ টাকা আদায় করা হয়। অথচ টিউশন ফি পরিশোধ করতে না পারলে ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। প্রয়োজনে দাবি আদায়ে বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
আন্দোলনকারী অভিভাবক শশী ইব্রাহিম বলেন, করোনা পরিস্থিতির কারণে কিছু অভিভাবক নির্ধারিত সময়ে টিউশন ফি পরিশোধ করতে পারছেন না। এ কারণে তাদের সন্তানদের অনলাইন ক্লাস থেকে বহিষ্কার করা হয়েছে। তার ওপর টিউশন ফি পরিশোধ করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সকল শিক্ষার্থীকে ক্লাস করার সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি জানান, আর্থিক সমস্যায় থাকা অভিভাবকদের কাছ থেকে কিস্তিতে টিউশন ফি নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও কর্তৃপক্ষ তা মানছে না। এ দাবিতে তারা ঢাকা শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন জমা দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।