আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা 

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাতে উপজেলার সদর পৌর সভার মানিকনগর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃৃত্তদের হামলায় তিন জন  গুরুতর জখম  হয়েছে। এর মধ্যে এক মহিলাসহ দুই জনকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  রাত ৩টার দিকে ১২/১৫ জনের হাফপ্যান্ট পরিহিত একদল  ডাকাত  মানিকনগর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে  টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় গৃহকর্তা বাধা দিলে তাকে ও তার মা জায়েদাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার ভাই  নবী হোসেনের ঘরে ঢুকে আধা ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। বাধা দিলে নবীকে পিটিয়ে আহত করে। এর পর ডাকাত দল যাওয়ার পথে পাশের বাড়ির এক মহিলা বের হলে তার গলার চেইনও কানের অলঙ্কার ছিনিয়ে নেয়।  ডাকাতরা চলে যাওয়ার পর এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাদের ঢাকায় প্রেরণ করে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।