আবারও পেছালো সগিরা মোর্শেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি

আবারও পেছাল সগিরা মোর্শেদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এই শুনানি পিছিয়ে যায়। আগামী ৭ অক্টোবর অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য নতুন দিন ধার্য করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। বিচারক বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। আগেও আপনাদের সময় দেওয়া হয়েছে, আর কত? বাদীর আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জানান, এ নিয়ে তৃতীয়বারের মতো অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেল।

এদিকে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যায় অন্যতম অভিযুক্ত                  মারুফ রেজাকে শিশু দাবি করে তার বিচার শিশু আদালতে করার জন্য আদালতে আবেদন দাখিল করা হয়েছে। ঐ দিন এই আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী দেওয়ান আব্দুন নাসের। 

এর আগে বেলা সাড়ে ১১টার সময় আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় আনা হয় মামলার তিন আসামি সায়েদাতুল মাহমুদা শাহিন ও তার ভাই আনাস মাহমুদ, মারুফ রেজাকে। কিন্তু তখনো কারাগার থেকে হাজির করা হয়নি খুনের অন্যতম পরিকল্পনাকারী ডা. হাসান আলীকে। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা সময় চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করে দেন। এ সময় আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন আসামি পক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তখন কারাগারের অ্যাম্বুলেন্সে করে আদালত প্রাঙ্গণে আনা হয় আসামি হাসান আলীকে। এরপর আনা হয় আদালতের বারান্দায়। কিন্তু তত ক্ষণে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে। মোশাররফ হোসেন কাজল বলেন, আমরা এখনো কাগজপত্র পাইনি। অব্যাহতি চেয়ে আবেদনও তৈরি করতে পারিনি। সে কারণে শুনানির জন্য সময় চেয়েছি।