ভারতের সীমান্তে এখনো অপেক্ষমাণ পেঁয়াজভর্তি কয়েক শ ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি পাচ্ছে না। অথচ রপ্তানি বন্ধের আগেই এসব পেঁয়াজ আমদানির জন্য দেশের ব্যবসায়ীরা এলসি করেছেন।
আমদানিকারকেরা বলেন, ‘ভারতের ব্যবসায়ীরা আমাদের জানিয়েছিলেন, রপ্তানি বন্ধের আগের এলসি করা সব পেঁয়াজ বাংলাদেশকে দেওয়া হবে। কিন্তু শুধু ১৩ সেপ্টেম্বরের এলসি করা পেঁয়াজ আমাদের দিয়েছে। এরপর আর কোনো পেঁয়াজ দিচ্ছে না। গত শনিবারের পর আর কোনো পেঁয়াজ আসেনি।’ গত ১৪ সেপ্টেম্বর পূর্বঘোষণা ছাড়াই ভারত হঠাত্ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে দেশের পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। বাংলাদেশের ব্যবসায়ীরা তখন ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা সব পেঁয়াজ ছেড়ে দেওয়ার দাবি জানান। এ ব্যাপারে দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ও ভারতের সঙ্গে যোগাযোগ করে। পরে গত শুক্রবার রাতে ভারত সিদ্ধান্ত দেয় যে আগের এলসি খোলা এবং বাংলাদেশের সীমান্ত পয়েন্টে অপেক্ষমাণ পেঁয়াজের ট্রাকগুলোকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে। প্রায় ২৬ হাজার টন পেঁয়াজ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশের অপেক্ষায় ছিল।
আমদানিকারকেরা বলেন, ‘শুক্রবারের সিদ্ধান্তের পর শনি ও রবিবার কিছু পেঁয়াজ এসেছে। সব মিলিয়ে তা ১ হাজার টনের বেশি হবে না। কিন্তু আমাদের এলসি করা আছে ২৬ হাজার টন পেঁয়াজের।’ তারা বলেন, এই পেঁয়াজ দেশে ঢুকলে কিছুদিনের জন্য হলেও বাজার স্থিতিশীল থাকত।
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জাহিদুল ইসলাম বলেন, গত আট দিন ধরে ভারত সীমান্তে পেঁয়াজবোঝাই ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু এখনো পর্যন্ত রপ্তানির কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে গত রবি ও সোমবার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ গতকাল ইত্তেফাককে জানান, গত শনিবার হিলি বন্দর দিয়ে মাত্র ২৪৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর আর কোনো পেঁয়াজ আসেনি।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা মো. সফিকুল ইসলাম জানান, গত শনিবারের পর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। শনিবারে আটটি ট্রাকে মাত্র ১৯৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
অনলাইনে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের ব্যাপক সাড়া
গতকাল দুপুর ১২টায় টিসিবি অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু করার পর ক্রেতাদের কাছে থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। পাঁচটি ইকমার্স প্রতিষ্ঠান টিসিবির এই পেঁয়াজ বিক্রি করবে। তবে গতকাল থেকে সুপারশপ স্বপ্ন ও চালডাল ডটকম পেঁয়াজ বিক্রি শুরু করেছে। গতকাল এ দুটি প্রতিষ্ঠানকে দেড় টন করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে।