দ্বিতীয় দফা করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন শীতকালে কোভিড-১৯-এর সম্ভাব্য পুনরাবৃত্তি রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের পুনরাবৃত্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জনগণকে মাস্ক পরা এবং কোভিড-১৯-এর বিস্তার বন্ধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কোভিড-১৯-এর সম্ভাব্য দ্বিতীয় দফায় সংক্রমণের বিরুদ্ধে লড়তে মাঠ পর্যায়ে এই মুহূর্তে প্রস্তুতি নিতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে যেহেতু অক্টোবরের শেষ এবং নভেম্বরের প্রথম নাগাদ ঠান্ডার প্রকোপ বাড়তে পারে এবং সে সময় নিউমোনিয়া, জ্বর বা অ্যাজমার একটা প্রবণতা আসে, তাছাড়া কোভিড-১৯-এর যদি একটা সেকেন্ড ওয়েভ আসে তাহলে মাঠ পর্যায়ে এটাকে কীভাবে প্রটেকশন দিতে হবে তার একটা প্রস্তুতি থাকতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে ব্যাপকভাবে মাস্ক ব্যবহার করতে এবং শীত আসার সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিক চিকিত্সা গ্রহণের পাশাপাশি ঠান্ডার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয় থেকে ভার্চুয়াল এই বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, কোভিড-১৯ নিয়ে আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। সেখানে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে।

পঞ্চম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

আইনের খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় দেশের পঞ্চম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। সেই লক্ষ্যে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

‘চিকিত্সা ডিগ্রি (দ্য মেডিক্যাল

ডিগ্রিস) (রহিতকরণ) আইন,

২০২০’ এর খসড়ার ও নীতিগত অনুমোদন           খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল ‘চিকিত্সা ডিগ্রি (দ্য মেডিক্যাল ডিগ্রিস) (রহিতকরণ) আইন, ২০২০’ এর খসড়ার ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এইচএসসি পরীক্ষা এখনই নয়, স্কুল-কলেজও খোলা যাবে না

সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সংক্রমণ থাকায় এখনই এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে অভিমত ব্যক্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সিদ্ধান্ত জানাবেন বলে দলের শীর্ষ নেতাদের জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, আমাদের দ্বিতীয় দফায় করোনা আসতে পারে। কাজেই এখনই এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হবে না। যখন সময় হবে আমি বলে দেব। আর স্কুল-কলেজও এখন  খোলা যাবে না। সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি। যারা সমালোচনা করেন,  লেখালেখি করেন, তাদের একটু ভেবেচিন্তে সমালোচনা করা উচিত।

বৈঠক সূত্র আরো জানায়, তৃণমূল থেকে পাঠানো তালিকায় জেলা-উপজেলা কিংবা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  কেন তা জানতে চান আওয়ামী লীগ সভানেত্রী। তিনি এসব জায়গায় দ্রুত সম্মেলন করার তাগিদ দেন। একই সঙ্গে বিভিন্ন উপ-কমিটি, সহযোগী সংগঠনের কমিটিগুলো দ্রুত যাচাই-বাছাই শেষ করে ঘোষণা করতে তাগিদ দেন প্রধানমন্ত্রী।