২৬ দিনে ৫০ হাজার রোগী শনাক্ত

২৬ দিনে আরো ৫০ হাজার রোগী শনাক্ত হওয়ায় দেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭০৫ রোগী শনাক্ত এবং ৪০ জন মারা গেছেন । নতুন আক্রান্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ১৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা ৩ লাখ পেরিয়ে যায় ২৬ আগস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।