আগরতলা মামলার আসামিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন —সাদেক সিদ্দিকী

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী বলেছেন, আগরতলা মামলা ছিল ঐতিহাসিক সত্য। যারা এই মামলার আসামি ছিলেন, সাহসিকতা ও বীরত্বের জন্য তাদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত। রবিবার রাজধানীতে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আগরতলা মামলার অন্যতম আসামি ও মুক্তিযুদ্ধে প্রথম শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাদেক সিদ্দিকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে মোয়াজ্জেম হোসেনসহ আগরতলা মামলার আসামিদের নাম যথাযথ মর্যাদায় না থাকলে ইতিহাস অসম্পন্ন থেকে যাবে। দেশ, জাতি ও রাষ্ট্রের স্বার্থেই তাদের সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকারের দায়িত্ব।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ও সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল। আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।