দুর্নীতির মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তার জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন গতকাল সোমবার খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে গত ৩০ জুলাই মামলাটি করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, উনি চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উত্স দুদক পায়নি। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান তৌফিক ইমরোজ খালিদী। গত ২৬ আগস্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। হাইকোর্টের দেয়া ওই জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। গতকাল ওই আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালিদীর পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু, এএম আমিন উদ্দিন শুনানি করেন।
দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।