পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও স্ত্রীর জামিনের মেয়াদ এক মাস বৃদ্ধি

দুদকের মামলায় পিরোজপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের জামিনের মেয়াদ আদালত আরো এক মাস বৃদ্ধি করেছেন। গতকাল সোমবার আসামিদ্বয় পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে এ জামিন বৃদ্ধির আবেদন করলে পিরোজপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুজ্জামান এ আদেশ দেন। করোনা ভাইরাসের কারণে আসামিদের আদালতে উপস্থিতির সুযোগ না থাকায় গতকাল সোমবার তারা সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থিত হয়ে জামিন বৃদ্ধির আবেদন করেন।

গত ৩০ ডিসেম্বর দুদকের বরিশালের উপপরিচালক মো. আলী আকবর সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। চলতি বছরের ৭ জানুয়ারি তারা আবেদন করলে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট বিভাগ। ৩ মার্চ তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মো. আব্দুল মান্নান জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের বিরুদ্ধে পিরোজপুরের একদল আইনজীবীসহ আউয়াল সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করেন। জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য সংশ্লিষ্ট আদালত বর্জনের ঘোষণা দেয়। এ ঘটনার তিন-চার ঘণ্টা পর উক্ত বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বদলি করা হয়। এরপর নতুন বিচারকের আদালতে জামিন আবেদন করা হলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন এদিনই আউয়াল দম্পতির জামিন মঞ্জুর করেন।