পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার : গতকাল থেকে কার্যকর

পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এই আদেশ জারি হওয়ার পর থেকে তা কার্যকর হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ পাবেন আমদানিকারকরা। এর ফলে গতকাল থেকে  আমদানিকৃত পেঁয়াজে কোনো শুল্ক দিতে হবে না। ফলে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমার সুযোগ তৈরি হলো। স্থানীয় কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে পেঁয়াজ চাষে উত্সাহিত করতে গত বাজেটে পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক আরোপ করে এনবিআর। তবে সম্প্রতি ভারত থেকে আমদানি বন্ধসহ কিছু কারণে পেঁয়াজের দাম বাড়ায় অন্যান্য দেশ থেকে আমদানি সহজ করতে এই শুল্ক প্রত্যাহারের চাপ বাড়তে থাকে এনবিআরের ওপর। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় একাধিক দফায় চিঠি দেয়। এর পর গত রবিবার পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার ঘোষণার পর গতকাল এই আদেশ জারি করল এনবিআর।