ইতালিতে পার্লামেন্টের আকার এক-তৃতীয়াংশ কমানোর পক্ষে জনরায়

ইতালির পার্লামেন্টের আকার এক-তৃতীয়াংশ হ্রাস করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা। প্রায় সব ভোট গণনা করার পর দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ লোক পার্লামেন্টের আকার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।

গণভোটে জনতার এই রায়ের পর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যসংখ্যা ৬৩৪ জন থেকে হ্রাস করে ৪০০ জনে এবং সিনেটের আসনসংখ্যা ৩১৫টি থেকে নামিয়ে ২০০ করা হয়েছে। ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার ফাইভ স্টার মুভমেন্টে প্রস্তাবে এই গণভোটের আয়োজন করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে সরকারি ব্যয় কমানো যাবে বলে যুক্তি দেখিয়েছিল ফাইভ স্টার মুভমেন্ট। গণভোটে রায় পাওয়ার পর ইতালির পার্লামেন্টের এমপি ও সিনেটরের মোট সংখ্যা ৯৪৫ থেকে কমিয়ে ৬০০ করা হবে। ফাইভ স্টার পার্টির এই প্রস্তাব পার্লামেন্টে আগেই পাশ হয়েছিল; কিন্তু এতে সংবিধান সংশোধন করতে হবে বলে গণভোটের প্রয়োজন হয়। ২০২৩ সালের সাধারণ নির্বাচনের আগেই এই পরিবর্তন বাস্তবায়ন করতে হবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফাইভ স্টার দলের জ্যেষ্ঠ নেতা লুইজি দি মায়ও গণভোটের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। গত অক্টোবরে ফাইভ স্টার বলেছিল, সুসংহত পার্লামেন্ট ১০ বছরে ১ বিলিয়ন ইউরো খরচ বাঁচাতে পারবে; কিন্তু এই পদক্ষেপে গণতন্ত্র দুর্বল হবে বলে পালটা যুক্তি দেখিয়েছেন সমালোচকরা।

বেশ কয়েকটি প্রধান আঞ্চলিক নির্বাচনের পাশাপাশি এ গণভোট অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচনের ফলাফলকে বিরোধী দল লিগের নেতা মাত্তেও সালভিনির জন্য বিপর্যয়কর আর প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জোট সরকারের অংশীদার মধ্য বামপন্থি ডেমোক্র্যাটিক পার্টির জন্য উত্সাহব্যঞ্জক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার আশা করেছিলেন সালভিনি; কিন্তু শুধু মার্শেই অঞ্চলে জয় পেয়েছে তার দল। অপরদিকে ডেমোক্র্যাটিক পার্টি তাসকানি ও পুইয়াসহ যে তিনটি অঞ্চলে ক্ষমতাসীন ছিল সেগুলো ধরে রেখেছে।