মোড় ঘোরায় তৃপ্ত কোহলি

জয়ের পথেই ছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৬৪ রানের লক্ষ্যে দুই উইকেট হারিয়ে ১২১ রানে পৌঁছে যায় ডেভিড ওয়ার্নারের দল। আর এরপরই নামে ছন্দপতন। অল আউট হওয়ার আগে আর মাত্র ৩২ রান করতে পারে দলটি। ১০ রানের জয়ে মৌসুম শুরু করল গেল আসরের শেষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোদের ব্যাটিং ধামাকায় ম্যাচ যখন অনেকটাই সানরাইজার্সের দিকে ঝুঁকে গিয়েছে ঠিক তখনই ম্যাচের মোড় ঘোরালেন যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনি পেয়েছেন ৩ উইকেট। ঈর্ষণীয় এই বোলিং ফিগারের জন্য ম্যাচের সেরার পুরস্কারও উঠল তার হাতে। ম্যাচ শেষে হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার স্বীকার করে নিলেন, ‘চাহালের ওভারটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

বিরাট কোহলিও প্রশংসা করলেন চাহালের। বললেন, ‘যুজবেন্দ্র এসে ম্যাচের সমীকরণটা পুরো বদলে দিল আমাদের জন্য। আজ ও প্রমাণ করে দিল তোমার দক্ষতা থাকলে তুমি যে কোনো উইকেটেই সোনা ফলাতে পারবে। ও আক্রমণাত্মক লাইন-আপের বিরুদ্ধে আজ যেভাবে বল করল তাতে আমার মতে ও-ই খেলার মোড় ঘুরিয়ে দিল।’