এবার স্কিল ক্যাম্পের অপেক্ষা

আগামী যুব বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৮ সেপ্টেম্বর বিকেএসপিতে শেষ হয়েছে প্রায় এক মাসের অনূর্ধ্ব-১৯ বাছাই ক্যাম্প। এখন এই ক্যাম্পের খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া হবে একটি প্রাথমিক স্কোয়াড। আর ১ অক্টোবর বিকেএসপিতেই স্কিল ক্যাম্প শুরু করবে এই প্রাথমিক দল।

নতুন যুব দল করার ক্ষেত্রে অন্যান্য বছর নির্বাচকেরা মূলত চারটি জোনের মধ্যে অনুষ্ঠিত যুব চ্যাম্পিয়ন লিগের দিকে তাকিয়ে থাকেন। সেখানকার সেরা পারফরমারদের বেছে নেওয়া হয়। এবার সেই লিগ হয়নি করোনার কারণে। তাই দল গঠনটা একটু কঠিন হয়েছে। এবার সারা দেশ থেকে ডেকে নেওয়া হয়েছে ৪৬ জন সেরা পারফরমারকে। আর এদের নিয়ে বিকেএসপিতে আগস্টে শুরু হয় আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প।

দলটির ম্যানেজার সজল চৌধুরী জানিয়েছেন, বৃষ্টিতে তাদের ম্যাচ অনুশীলনে একটু সমস্যা হলেও সব মিলিয়ে ফলপ্রসূ হয়েছে প্রথম পর্বটা, ‘বৃষ্টির কারণে আমরা পরিকল্পনায় থাকা আটটি ম্যাচের সব শেষ করতে পারিনি। এ ছাড়া সবার ট্রেনিং ভালো হয়েছে। এখন প্রাইমারি স্কোয়াডের ক্যাম্প শুরু হলে এরা আরো ভালো সুবিধা পাবে। সে সময় মূল কোচও চলে আসবেন।’

প্রথম পর্ব শেষে ৪৬ জন খেলোয়াড়ই ছুটিতে গেছেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার নিশ্চিত করেছেন, ১ অক্টোবর থেকে প্রাথমিক দলের ক্যাম্প শুরু হবে। আজ বা আগামীকাল ২৬ থেকে ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকেরা। এই দলে ডাক পাওয়া খেলোয়াড়দের আবার করোনা পরীক্ষা করিয়ে বিকেএসপিতে ক্যাম্প শুরু হবে।