বয়স ৩৯ ছুঁয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের। এ সময় আর সবাই যেখানে খেলা ছেড়ে নতুন চ্যালেঞ্জে মনোযোগী হন সেখানে সুইডিশ স্ট্রাইকার দিব্যি খেলে যাচ্ছেন সিরি’আতে! শুধু তাই নয়, জোড়া গোল করে এসি মিলানের ২০২০-২১ মৌসুমে শুভসূচনার নায়কও বনে গেছেন তিনি! প্রথমার্ধে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করলেন আরো একটি গোল। তাতে বোলোনিয়াকে ২-০ ব্যবধানে হারায় তার দল। এলএ গ্যালাক্সি থেকে মিলানে ফেরার পর ১৮ ম্যাচে এ নিয়ে ১৫ গোলে সরাসরি সম্পৃক্ততা ছিল তার। সুইডিশ স্ট্রাইকার জানালেন বয়স কম থাকলে বোলোনিয়ার বিপক্ষে করতেন আরো দুই গোল! বললেন, ‘আমি আরো গোল করতে পারতাম। বয়স ২০ হলে আমি আরো দুটি করতাম। আমি বেঞ্জামিন বাটনের মতো, বয়স্ক হিসেবে জন্ম হয়ে এখন আমার বয়স কমছে।’