ভোলায় নদী ভাঙন রোধে ব্যবস্থা নিন

দ্বীপ জেলা ভোলা। যার চারপাশ ঘিরে রয়েছে নদী। আর এই নদী ভাঙন এ জেলার মানুষের জন্য এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভোলার লালমোহন-তজুমদ্দিনে মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত-শত বাড়িঘর। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ফসলি জমির। ফসলি জমি ও ভিটেবাড়ি হারিয়ে লোকসানের মুখে দিশেহারা কৃষক। ভিটেবাড়িটুকু নদীভাঙনে বিলীন হয়ে যাওয়ায় অনেক দরিদ্র পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে। গত ৪ সেপ্টেম্বর ভোলার মেঘনা নদীর ভাঙনকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম এমপি। তাঁর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ছিলেন। পরিশেষে, ভোলায় নদী ভাঙন রোধে যাতে পর্যাপ্ত ব্ল­ক দেওয়ার ব্যবস্থা করা হয়—সেজন্য আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ইলিয়াছ হোসাইন

শিক্ষার্থী, ঢাকা কলেজ