বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবি, নেত্রকোনার মদন উপজেলার হাওড়ে নৌকাডুবি ও সুনামগঞ্জ-নেত্রকোনার মধ্যবর্তী গুমাই নদীতে নৌকাডুবির ঘটনা সাম্প্রতিককালের। রাজধানীর সদরঘাটের শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর ২-এর ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ত্রিশের বেশি প্রাণহানি ঘটে। অন্যদিকে নেত্রকোনার মদন উপজেলার হাওড়ে ও সুনামগঞ্জ-নেত্রকোনার মধ্যবর্তী গুমাই নদীতে ২৯ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে নেত্রকোনার মদন উপজেলার হাওড়ে ৫ আগস্ট নৌকাডুবিতে ১৭ জন এবং ৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ-নেত্রকোনার গুমাই নদীতে ১২ জন মারা যায়। অধিকাংশ নৌদুর্ঘটনা ঘটে চালকের অসচেতনতা ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার কারণে। নৌপথে নিয়মকানুন না থাকায় দুর্ঘটনা বেড়েই চলছে। পরিশেষে, এক্ষেত্রে নিয়মনীতি জোরদার করতে সরকারকে নজরদারি বিশেষভাবে বাড়াতে হবে।
বাদশাহ আবদুল্লাহ, কাপাসিয়া, গাজীপুর