মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির মা মাজেদা বেগম (৮৫) সোমবার রাতে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গ্রামের ঈদগাহে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুরের প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীসহ পিরোজপুর জেলা ও পিরোজপুর-১ সংসদীয় আসনের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকাবাসী অংশ নেন। শ ম রেজাউল করিমের মাতৃবিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।
আরো শোক জানিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল, সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম মিয়া, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নেছারাবাদ উপজেলার চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।