বদলগাছীর ছোট যমুনা নদীর বেড়িবাঁধের কিছু অংশ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। মথরাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুকবুল হোসেন বলেন, একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। জরুরিভাবে সংস্কারের উদ্যোগ না নিলে বড় ধরনের ক্ষতি হবে।
উপজেলার কদমগাছী গ্রামের আকবর হোসেন, আবুল কালাম ও শিক্ষক সিরাজুল ইসলাম জানান, ২০১৮ সালে বন্যায় ছোট যমুনা নদীর পানি বেড়ে ভাঙন সৃষ্টি হয়। এলাকাবাসী বাঁধটি রক্ষার জন্য কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার পানি বেড়ে বর্তমানে কমতে শুরু করার সঙ্গে সঙ্গে প্রায় ১ হাজার মিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন বলেন, আমার ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বলেন, এলাকাবাসীর সহযোগিতায় বাঁশ, বস্তা ও বালু দিয়ে বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানটি রক্ষা করেছি। তবে সরকারি বরাদ্দ নিয়ে বাঁধটি সংস্কার করা দরকার এবং বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি।
নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী মো. সাহাদত হোসেন বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।