শাজাহান মোড়-বামনগ্রাম সড়ক

কার্পেটিং উঠে গিয়ে চলাচল ব্যাহত!

চাটমোহরের মথুরাপুর শাজাহান মোড় থেকে ডিবিগ্রামের বামনগ্রাম পর্যন্ত এলজিইডির আওতাধীন সড়কটির কার্পেটিং উঠে ও খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের কয়েকটি জায়গা ধসে গিয়ে পাশে থাকা পুকুরে চলে গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

এলাকার জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয় না। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রেললাইনের পাশের রাস্তা বেহাল। দেখা গেছে, শাজাহান মোড় থেকে ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পাকা সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। ফসলাদি বাজারজাত করতে এ সড়কটি ব্যবহার করা হয়। উপজেলা সদরের সঙ্গে ১০ গ্রামের যোগাযোগ এ সড়কটি দিয়ে করতে হয়। ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান মো. নবীর উদ্দিন মোল্লা জানান, গত সোমবার উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ঐ সড়কটির সার্বিক বিষয়ে উপস্থাপন করেছেন। তিনি দ্রুত সড়কটি সংস্কারের প্রস্তাব রাখেন বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যান বলেন, আমি বারবার সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়েছি। শুনেছি এলজিইডি সড়কটি সংস্কারের প্রস্তাবনা পাঠিয়েছে। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না। এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ জানান, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।