সংবাদ সংক্ষেপ

কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে কাঠমিস্ত্রি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামের অপর এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান তার আদালতে এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের ছেলে করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করত একই এলাকার আবেদ আলীর ছেলে আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে বাটাল দিয়ে তার পেট ও কপালে আঘাত করে। পরে হাসপাতালে আদম আলীর মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের বাবা কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন।

নাগেশ্বরীতে প্রকৌশলীকে মারধরের ঘটনায় গ্রেফতার ২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে পৌর প্রকৌশলীকে মারধর করা মামলায় গ্রেফতার দুই জনকে মঙ্গলবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ। এর আগে সোমবার দুপুরের ঘটনায় সন্ধ্যায় পৌর মেয়র আব্দুর রহমান বাদী হয়ে এক সাংবাদিকসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। আটককৃতরা হলো উপজেলার হিঙ্গন রায় গ্রামের উজ্জ্বল দত্ত (৪০) ও কৃষ্ণপুর গ্রামের আরিফুজ্জামান আরিফ (৩৪)। পৌর মেয়র আব্দুর রহমান মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক ও আপত্তিকর। এটা মেনে নেওয়া যায় না। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কৃষকদের সবজির চারা বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ফকিরহাটে দুই শতাধিক কৃষকের মধ্যে বিভিন্ন ফলদ ও সবজির চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন ও গ্রাম্য সড়কের পাশে তাল ও খেজুর বীজ রোপণ করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান প্রমুখ।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে পরিকল্পনা সভা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ পালন উপলক্ষ্যে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

দরিদ্র জনগোষ্ঠীকে বকনা গরু প্রদান

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীকে একটি করে বকনা গরু দিয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। মঙ্গলবার পৌরসভার কুটি পয়রাডাঙ্গা স্কুল মাঠে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। এদিন প্রথম পর্যায়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলীয় ছয় ওয়ার্ডের ২১০টি দরিদ্র পরিবারকে ৪০ হাজার টাকার একটি করে বকনা গরু দেওয়া হয়।

অসহায় ও দুস্থ রোগীরা পেল অনুদানের চেক

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অসহায় ও দুস্থ রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার অসহায় ছয় জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রী সুমাইয়া খাতুন (০৭) মারা গেছে। সে সুজান মণ্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাইমারি স্কুলের ২য় শ্রেণির ছাত্রী ছিল। বাবা সুজান মণ্ডল জানান, সুমাইয়া ঘরে ঘুমিয়েছিল। সোমবার রাত সাড়ে ৩টার দিকে তার হাতে সাপে কামড়ে দেয়। প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েনটেশন ও পরিকল্পনা সভা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে মঙ্গলবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েনটেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট পৌরসভার আয়োজনে নিজস্ব মিলনায়নে এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।