মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে গতকাল পানিতে ডুবে সামিউল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের রিপন হোসেনের ছেলে। সকালে শিশুটির বাবা রিপন ঘুমে ছিলেন। মা গৃহস্থালির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল ৯টার দিকে শিশুটিকে বাড়ি খুঁজে না পেয়ে তিনি তার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি ডোবার পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফুলচান মিয়া বলেন, শিশুটি সাঁতার জানতো না। পরিবারের অগোচরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা গেছে।