কামরাঙ্গীরচর থানায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ‘ডিস ব্যবসায়ী’ আলী আহমদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিটের একটি দল। এ সময় তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে আলী আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হক জানান, ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের কাছ থেকে ফিড নিয়ে গ্রেফতারকৃত আলী আহমেদ দীর্ঘদিন ধরে কামরাঙ্গীরচরে ডিশ ব্যবসা করে আসছিলেন। কিন্তু চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ায় ঢাকা টোটাল কেবলের এমডি ইউসুফ আলী স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলামের কাছে অভিযোগ করেন।
ঐ অভিযোগ পেয়ে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফোনে কথা বলেন আলী আহমেদের সঙ্গে। ঐ কথোপকথন রেকর্ড করে সেখান থেকে আংশিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়ে সংসদ সদস্য কামরুল ইসলামকে ‘চাঁদাবাজ’ হিসেবে প্রচার করা হয়। সাংবাদিক কনক সরোয়ার দেশের বাইরে বসে তার ইউটিউব চ্যানেলে এসব প্রচার করেন। কামরুল ইসলাম এ বিষয়ে গত ১২ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিট বিষয়টি তদন্তের দায়িত্ব পায়। সেই মামলাতেই আলী আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অপর আসামি আমেরিকায় অবস্থানরত সাংবাদিক ড. কনক সারোয়ার।