অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন রয়েছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মঙ্গলবার রাতে ইত্তেফাককে বলেন, উনি বেশ অসুস্থ। তার অবস্থা ভালো নয়। আইসিইউতে রয়েছেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা বলেন, 'আমরা সবাই দোয়া করছি, আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।'

অ্যাটর্নি জেনারেলের মেয়ের জামাতা অ্যাডভোকেট শেখ রিয়াজুল হক ইত্তেফাককে বলেন, 'ওনার সিচুয়েশন (অবস্থা) ভালো নয়। আমরা মানসিকভাবে বিধ"স্ত। আপনাদের আপডেট তথ্য দিতে পারছি না।'  গত ৪ সে্বেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঐ দিনই করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। গত ১৯ সে্বেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার তার অবস্থার আরো অবনতি হয়। ঐ দিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিল না। রবিবার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব জানান, নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক ওনার খোঁজ রাখছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।

২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুবে আলম।