গোপালগঞ্জে বাসচাপায় মা ও তার আট মাসের ছেলে নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসচাপায় মা ও তার আট মাসের ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় ঐ পরিবারের আরো তিন সদস্য আহত হয়েছেন। গত সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার নিজামাকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার আট মাস বয়সের শিশুপুত্র নূর মোহাম্মদ কাজী। ঐ গৃহবধূ কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের বাবার বাড়ি থেকে স্বামী রফিক কাজীর ব্যাটারিচালিত ভ্যানে পরিবারের সদস্যদের নিয়ে ফলসি গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে। আহত রফিক কাজী, মেয়ে জামিলা ও ভাশুরের মেয়ে শোভাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী বেগম (৬৫) সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের নায়েব আলীর স্ত্রী।
লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট গেইট নামক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাইমিনুল ইসলাম (২৬) সোমবার রাতে চমেকে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। গত ১৪ সেপ্টেম্বর মোটরসাইকেলযোগে শাহাদাত্ ও মোহাইমিন আজিজনগরে যাওয়ার পথে উল্লেখিত স্থানে মাইক্রোবাসের ধাক্কায় তারা দুই জন গুরুতর আহত হন। শাহাদত্ হোসেন ঐদিন মারা যান।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর ফরিদগঞ্জে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী মো. রহমত উল্লাহ (৫৫) নিহত হয়েছেন। সোমবার উপজেলার বালিথুবা পূর্ব ইউপির ইসলামপুর রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রহমত উল্লাহ উপজেলার পৌর এলাকার চরকুমিরার গ্রামের বাসিন্দা।