সিলেটে চার দিনে করোনায় মারা যায়নি কেউ

টানা চার দিন সিলেট বিভাগে করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু সেইভাবে কমেনি করোনা রোগী শনাক্তের হার। গত চার দিনে করোনায় মৃত্যুর ঘটনা না ঘটায় সিলেটের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও হাওর অধ্যুষিত সিলেটে শীতকালে করোনায় আক্রান্তের হার বাড়ার আশঙ্কা করছেন অনেকে। শীতকালে করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে বরং বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র জানায়, গত ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই চার দিন সিলেট বিভাগে করোনায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর দুই জন মারা গেছেন। এ দুই জনকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ২১১ জন। গত সোমবার সিলেট বিভাগে এক দিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৭। মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হন ১২ হাজার ৩৭৯ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৯২ জন।  এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান গতকাল মঙ্গলবার ইত্তেফাককে বলেন, পার্শ্ববর্তী পশ্চিম বাংলার তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো। শুরুতে সিলেটে করোনা পরীক্ষায় ৩৪ শতাংশ পজিটিভ প্রমাণিত হয়েছে। এখন ধীরে ধীরে নেমে তা ১০ শতাংশে নেমে এসেছে। তিনি বলেন, করোনা আক্রান্তের সংখ্যা ৫ শতাংশে নেমে না আসা পর্যন্ত স্বস্তির সুযোগ নেই। তিনি বলেন, যত বেশি সামাজিক দূরত্ব মেনে চলব, মাস্ক ব্যবহার করব ততই ভালো থাকব। সরকারের স্বাস্থ্য সম্পর্কীয় কঠোর নির্দেশনা অনুসরণ করার কোনো বিকল্প নেই।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতনতা প্রয়োজন। ঘরের বাইরে মাস্ক পরতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে। সিলেট হাওর, পাহাড় ও টিলাবেষ্টিত অঞ্চল হওয়ায় এখানে কিছুটা আগেই শীত শুরু হয়ে যায়। এছাড়া এই এলাকায় হতদরিদ্রের সংখ্যা বেশি। তাই করোনা মোকাবিলায় হাওর এলাকায় আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।

আসন্ন শীতে করোনার আরেকটি ঢেউ আসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতর্ক থাকার নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেটের স্বাস্থ্য বিভাগও প্রস্তুতি নিতে শুরু করেছে। সতর্কতামূলক প্রচারণার পাশাপাশি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে যোগাযোগ ও বৈঠক চলছে। ভার্চুয়াল সভা হয়েছে।