করোনায় অভিনেত্রী মিনু মমতাজের মৃত্যু

করোনার থাবায় শিল্পাঙ্গনের অনেককেই হারাতে হয়েছে আমাদের। সে তালিকায় যুক্ত হলেন আরো এক গুণীজন, অভিনেত্রী মিনু মমতাজ। অনেক দিন থেকে কিডনি ও চোখের সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। অবশেষে করোনা আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি...রাজিউন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ দুপুরে মারা গেলেও তার মরদেহ রাত ১১টা পর্যন্ত হাসপাতাল মর্গেই ছিল। প্রায় ৩ লাখ টাকা বিল হয়েছে হাসপাতালের। তার সন্তানরা কেউ তখন পর্যন্ত আসেননি। শোবিজ সংশ্লিষ্ট কোনো সংগঠনও যোগাযোগ করেনি।

উল্লেখ্য, অভিনেত্রী মিনু মমতাজকে চিকিত্সার জন্য গত বছর ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালটির কাস্টমার কেয়ার থেকে মনিরুজ্জামান নামে একজন গতকাল রাতে ইত্তেফাকে বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর উনাকে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিত্সা দেওয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চিকিত্সা বাবদ মোটা অঙ্কের বিল বাকি। সেটা পরিশোধ করা নিয়ে ঝামেলা হচ্ছে। বিষয়টা বেদনাদায়ক।’

তবে রাতে এ রিপোর্ট লেখার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মিনু মমতাজের স্বজনরা যোগাযোগ করেছেন বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষও বিল কাটছাঁট করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করছে ।