ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গতকাল মঙ্গলবার অঞ্চল-১-এর ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকা ও অঞ্চল ২ ও ৪-এর ৩১ ও ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেগুনবাগিচায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. ফয়সারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ২৭টি স্থাপনা পরিদর্শন করে এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পায়। যার কারণে আদালত একটি মামলা দায়ের ও নগদ ১৫ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে শান্তিনগর ও বংশাল এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তিনি ৪১টি স্থাপনা পরিদর্শন করেন ও তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা এবং দুটি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পান। যার কারণে তিনটি মামলা দায়ের ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং দুটি স্থাপনাকে পরিস্থিতির উন্নতির জন্য সতর্ক করেন। এদিকে অবৈধ কেবল সংযোগ বিচ্ছিন্ন করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়ায় এক ব্যক্তির কাছ থেকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।