পুলিশের দক্ষতা বাড়াতে যা প্রয়োজন তা-ই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এগোচ্ছে, পুলিশকেও এগিয়ে নিতে হবে। পুলিশের দক্ষতা বাড়ানোর জন্য যা যা করা দরকার পুলিশ স্টাফ কলেজের মাধ্যমে তা-ই বাস্তবায়ন করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুর এলাকায় ‘পুলিশ স্টাফ কলেজের ১৭তম বোর্ড সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ স্টাফ কলেজে ১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কোভিডসহ অন্যান্য কারণে বোর্ড সভা বিলম্বে অনুষ্ঠিত হয়েছে। আমরা পর্যালোচনা করেছি, বোর্ড সভায় নতুন যেসব প্রস্তাবনা এসেছিল সেগুলো আমরা দেখেছি। যেসব প্রস্তাব বোর্ড সভায় উত্থাপন করা হয়েছে এর সবগুলোই আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। এগুলোকে বাস্তবায়নের জন্য আমরা সামনে নিয়ে আসার জন্য আলোচনা করেছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিধিমালা স্পষ্টীকরণ এবং নীতিমালার দুই-একটা জায়গায় চেঞ্জ আসবে। বোর্ড সভা যেসব প্রস্তাব দিয়েছে, আমরা সেগুলো পর্যালোচনা, আলোচনা করছি। পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদকে উন্নতিকরণ, ভাইস রেক্টর নামে নতুন পদ সৃষ্টি করা, নতুন পদ সৃষ্টি হলে সেটা কীভাবে সৃজিত হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।