দুপুরে বিসিবি একাডেমি মাঠে বোলিং করছিলেন পেসার এবাদত হোসেন। চোখে চোখ পড়তেই এই প্রতিবেদকের প্রতি এবাদতের প্রশ্ন, ভাই সর্বশেষ খবর কী? শ্রীলঙ্কা কিছু জানাইছে কি, সফর হবে কি?
হাল সময়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে আলোচিত প্রসঙ্গ এখন শ্রীলঙ্কা সফর। ক্রিকেটার, কোচ, নির্বাচক, বিসিবির কর্মকর্তা, সমর্থক সবার একই জিজ্ঞাসা, শ্রীলঙ্কা সফর হবে কি? সর্বশেষ তথ্য কী?
গতকাল বিকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও গণমাধ্যমকে নতুন কোনো তথ্য দিতে পারেননি। তার কথায় স্পষ্ট আশায় বসতি গড়েছে বিসিবি এবং অপেক্ষার প্রহর ক্রমশ প্রলম্বিত হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চূড়ান্ত পরিকল্পনার অপেক্ষায় রয়েছে বিসিবি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল। আইসিসির প্রতিযোগিতা বলেই আশাবাদী বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এসএলসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু আইসিসির সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কমিটেড, তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশগ্রহণ করব। সেহেতু আমাদের দুই বোর্ডের ইচ্ছা রয়েছে সিরিজটি আয়োজন করার ব্যাপারে।’
এসএলসি বা দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সদিচ্ছার ওপরই সফরের সবকিছু নির্ভর করছে না। দেশটির কোভিড-১৯ নিয়ন্ত্রক টাস্কফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত। যেটি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বিষয়টা পুরোটা এসএলসির ওপর নির্ভর করছে না। বিষয়টা অনেকটাই নির্ভর করছে তাদের সরকারের যেই সিদ্ধান্ত, কোভিড টাস্কফোর্সের সিদ্ধান্তের ওপর।’
স্বাস্থ্যবিধির শর্ত শিথিলের জন্য কোভিড টাস্কফোর্সের সঙ্গে কাজ করছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির প্রধান নির্বাহীর ভাষ্য, ‘তারা যেটা বলেছেন তাদের যে কোভিড টাস্কফোর্স আছে, বা অন্যান্য যেই অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে, তাদের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটি কতটুকু শিথিল করা যায় তা নিয়ে কাজ করছে। তো আমরা আশা করছি শিগিগরই এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের জানাতে পারবেন।’
বর্তমান পরিস্থিতিতে আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোগামী বিমানে চড়া হচ্ছে না বাংলাদেশ দলের। মুমিনুলদের লঙ্কা যাত্রা পিছিয়ে যাচ্ছে। এসএলসির সিদ্ধান্ত পেলে সফর সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করবে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এই মুহূর্তে বিষয়টা একটু চ্যালেঞ্জিং হবে ২৭ তারিখে যাওয়াটা। ভিসা এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই। সেক্ষেত্রে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, তাহলে আমরা তা করে নেব।’