লুইস সুয়ারেজ বার্সেলোনায় থাকবেন না, সেটা নিশ্চিতই ছিল। তবে, কোথায় যাবেন সেটা নিশ্চিত হচ্ছিল না বার্সেলোনা ম্যানেজমেন্টের দেওয়া ‘ভুতুড়ে’ এক শর্তে। যদিও, অনেক নাটকের শেষে জয় হলো এই ৩৩ বছর বয়সি স্ট্রাইকারেরই।
গন্তব্য হিসেবে জুভেন্তাস নিশ্চিত থাকলেও ভাষাসংক্রান্ত জটিলতায় সেটা হয়নি। তার জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে আলভ্যারো মোরাতাকে নিয়ে গেছে জুভেন্তাস। একদিকে সুয়ারেজের ক্লাব দরকার, অন্যদিকে অ্যাটলেটিকোর দরকার স্ট্রাইকার। আর সুয়ারেজ ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার সুবিধা কাজে লাগাতে মরিয়া ছিলেন ডিয়েগো সিমিওনে। সিমিওনে মনে করছেন, তার ছকের সঙ্গে সুয়ারেজ দারুণ মানানসই। তবে, বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ বেঁকে বসেছিলেন। সমঝোতাপত্রে উল্লেখ ছিল, রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড—এই চার ক্লাবে কোনোভাবেই যেতে পারবেন না সুয়ারেজ। তবে, বার্তেমেউ এই তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের নামও জুড়ে দেন। উরুগুয়ে তারকার আইনজীবীদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন তিনি। সেখানেই আলাপ আলোচনার পর সিদ্ধান্ত পালটাতে বাধ্য হয় বার্সেলোনা।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সুয়ারেজের জন্য অ্যাটলেটিকোর কাছে ১০ মিলিয়ন ইউরো চেয়েছিলেন বার্তেমেউ। অ্যাটলেটিকোও জানিয়ে দিয়েছে সুয়ারেজের দলবদলের জন্য একটা টাকাও খরচ করতে রাজি নয় তারা। তবে, অনেক জলঘোলার পর দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে। শেষ অবধি সুয়ারেজের জন্য বার্সাকে দুই কিংবা তিন মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে অ্যাটলেটিকো।