কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদের কাছে তৃণমূল ফুটবলের ক্লাবগুলোর কর্মকর্তারা আরো নিয়মিত লিগ আয়োজনের অনুরোধ করেছেন।
সিদ্দিক বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি আহাদ বাপ্পী বলেন, ‘আমরা তৃণমূল থেকে খেলোয়াড় সরবরাহ করে থাকি। অথচ আমাদেরকে দেখার কেউ নেই। স্পন্সর নেই। আমরা সালাহউদ্দিন ভাইকে বলেছি ভুলত্রুটি শুধরে ভালো করে কাজ করুন। তৃণমূলের দিকে আরো বেশি নজর দিন।’ তৃতীয় বিভাগের দল বিক্রমপুর কিংসের সাধারণ সম্পাদক বললেন, ‘নিয়মিত লিগ চালু রাখার সঙ্গে অর্থের অনুদান, কোচিং সহযোগিতা চেয়েছি আমরা।’
গতকাল সম্মিলিত পরিষদের ব্যানারে ঢাকার প্রথম বিভাগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে নির্বাচনী বৈঠক হয়েছে রাজধানীর একটি হোটেলে। প্যানেল পরিচিতি হলেও অনানুষ্ঠানিক আলোচনায় ক্লাবগুলোর চাওয়া পাওয়া, দাবি-দাওয়া নিয়ে কথা হয়েছে। কর্মকর্তাদের দাবি সালাহউদ্দিন কথা দিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। তাতে আশ্বস্ত হয়েছেন তৃণমূলের সংগঠকরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলা এবং তিনতলায় রয়েছে মহানগরী ফুটবল লিগ কমিটির সুসজ্জিত অফিস কক্ষ। এই কমিটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ লিগ পরিচালনা করে থাকে। কিন্তু খেলাটা নিয়মিত আয়োজন করতে পারেনি। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন এই তিনটি লিগ তার হাতে ছিল না। তার পরও তিনি দায়ভার নিজেদের ঘাড়েই নিয়েছেন। সালাম বলেন, ‘আমরা আলাদা কমিটি করে দিয়েছি। তারা যদি ঠিক মতো আয়োজন করতে না পারে সেই দায়ভার আমাদের ওপরই পড়ে। আমরাই দায়িত্ব নিচ্ছি। দায় স্বীকার করতে আমার কার্পণ্য করি না। এটাও বুঝতে হবে যে কয়টি লিগ হয়েছে তার বেশির ভাগই ২০০৮ সালে আগের বকেয়া লিগ আমরা শেষ করেছি। যা-ই হোক এসব ভুলে নতুন পথে হাঁটতে চাই। ক্লাবগুলো টেকনিক্যাল সাপোর্ট, কোচিং সাপোর্ট চেয়েছে। সভাপতি নিজেই বলেছেন, ডেলিগেটসরা যদি আস্থা রাখেন এখনকার চেয়েও বেশি সহায়তা বাড়ানো হবে।’