রেকর্ড গড়া ম্যাচে আর্চারের ঝড়

জোফরা আর্চার নিরেট ফাস্ট বোলার। ব্যাট করেন ৯ নম্বরে। সেই আর্চারই মঙ্গলবার রাতে শারজায় ব্যাটে ঝড় তুললেন। লুঙ্গি এনগিডির বৈধ ২ বলে ২৫ রান তুলে ফেললেন। প্রথম দুই বলে দুটি ছক্কা, পরের দুটি নো বলে দুটি ছক্কা এবং আরেক বল ওয়াইড!

তবে আর্চার একা নন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই ম্যাচটাই ছিল ঝড় তোলা এক ম্যাচ। সবমিলিয়ে দুই দল এই ম্যাচে ৪১৬ রান করেছে। দুই দল মিলে ৩৩টি ছক্কা মেরেছেন ব্যাটসম্যানরা। আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার এটি যৌথ রেকর্ড। এর আগে ২০১৮ সালে একটি ম্যাচে ৩৩ ছক্কা হয়েছিল। এই রেকর্ডের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৬ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

আগে ব্যাট করা রাজস্থান ৭ উইকেটে ২১৬ রান তুলেছিল। ৪৭ বলে ৬৯ রান করেছিলেন স্টিভেন স্মিথ। আর সর্বোচ্চ ৩২ বলে ৭২ রান করেন সঞ্জু স্যামসান। তিনিই সর্বোচ্চ ৯টি ছক্কা মারেন। এই ছক্কা বৃষ্টি করার পর সঞ্জু বলছিলেন, লকডাউনের সময়টাতে তিনি ‘বিগ হিট’ নিয়ে কাজ করেছেন। এরপর আর্চার এসে ৮ বলে ২৭ রান করে স্কোরটাকে অনেক দূরে নিয়ে যান। আর জবাব দিতে নেমে ভালোই করছিল চেন্নাই। ফাফ ডু প্লেসি ৩৭ বলে ৭২ রান করে দলকে পথে রাখেন। কিন্তু শেষটা ভালো করতে পারেনি তারা।