নিকলীতে হাওর ভ্রমণে নৌকা ভাড়া নির্ধারণ

কিশোরগঞ্জ হাওর বেষ্টিত উপজেলা নিকলীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামে। তবে মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে সীমিত বাজেটের পর্যটকদের অনেকেরই নৌকাতে ঘুরে হাওর দেখার ইচ্ছা পূরণ হচ্ছে না। বিষয়টি নিয়ে নিকলী উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ (তুলিপ) নিকলী বেড়িবাঁধ সংলগ্ন নৌকার মালিক শ্রমিক সংগঠনের সঙ্গে বসে নিকলী সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক পর্যটকদের সুবিধার্থে নৌকা ভাড়া নির্ধারণ করেন। ট্যুরিজম বড় নৌকা নিকলী টু মিঠামইন ৭,০০০ টাকা। ট্যুরিজম মাঝারি নৌকা, নিকলী টু মিঠামইন ৫,০০০ টাকা। ট্যুরিজম ছোট নৌকা, নিকলী টু মিঠামইন ৩,০০০ টাকা। ট্যুরিজম বড় নৌকা, নিকলী টু ছাতিরচর ৩,০০০ টাকা। ট্যুরিজম মাঝারি/ছোট নৌকা, নিকলী টু ছাতিরচর ২,০০০ টাকা। নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ জানান, এরই মধ্যে নিকলীতে ঘুরতে আসা পর্যটকদের সুবিধার্থে নৌকা ভাড়া নির্ধারণ করতে পেরেছি এবং রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে আলোচনায় বসে খাদ্যের তালিকাও নির্ধারণ করা হয়েছে। প্রতিটি রেস্টুরেন্ট মালিকদের খাদ্যের তালিকা টানানোর জন্য বলা হয়েছে।