ভোলার গ্যাস বিদেশি কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা দেওয়ার প্রতিবাদে এবং দেশীয় মালিকানা নিশ্চিত করে দেশীয় কোম্পানি দিয়ে ভোলার গ্যাস উত্তোলনসহ বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন দিদার প্রমুখ। ডা. মনীষা চক্রবর্তী বলেন, ভোলার গ্যাস বরিশাল বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই গ্যাস উত্তোলনের দায়িত্ব বাংলাদেশের কোনো কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানি গ্যাজপ্রমকে ইজারা দেওয়া হয়েছে। বাসদ এর প্রতিবাদ জানায়।