টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন নাফনদ পয়েন্ট দিয়ে মাদকের চালান খালাসের সময় সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহলদল মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে উত্তর মোছনীর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন ছুরিখালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েক জন লোক একটি কাঠের নৌকা নিয়ে কেওড়া বনের ভেতর দিয়ে প্রবেশ করলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় তারা নৌকাটি ঘুরিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি ইয়াবার বস্তা পাওয়া যায়। যা গণনা করে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, জব্দকৃত ইয়াবাগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।