বরিশালসহ দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আরো দুই-এক দিন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। নদীবন্দরে ১ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মো. বাবুল জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। লঘুচাপের কারণে বরিশালসহ উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় আগামী দুই-এক দিন আরো বৃষ্টিসহ ভারী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।