মানুষের ভালো বা মন্দ হওয়া অনেকাংশে নির্ভর করে পরিবেশ-পরিস্থিতির ওপর। প্রতিটি মানুষের চরিত্রের ওপরই পারিবারিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ এবং সুশিক্ষার প্রভাব যথেষ্ট। বিভিন্ন কারণে একজন মানুষ ভালো বা খারাপের দিকে যেতে পারে। কাজেই মানুষকে সবসময়ের জন্য যেমন বিশ্বাস করা উচিত নয়, আবার একেবারে অবিশ্বাস করাও ঠিক নয়। মানুষকে বিশ্বাস করতে হবে এবং একইসঙ্গে সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, একমাত্র মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি হলেও, শিক্ষা ছাড়া শুধু পরিশ্রম দিয়ে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পরিশ্রমের সঙ্গে শিক্ষাকেও যুক্ত করতে হবে। বর্তমানে দেশের পারিবারিক ও সামাজিক জীবনে যে অশান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলা বিরাজ করছে, তার মূল কারণও সুশিক্ষার অভাব। অন্যদিকে দেশে যে ব্যাপক দুর্নীতি ও দুর্বৃত্তপনা দেখা দিয়েছে, তার মূলেও রয়েছে মূল্যবোধহীন শিক্ষাব্যবস্থা। কাজেই দেশ ও জাতির মঙ্গলের জন্যই শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। সুশিক্ষায় শিক্ষিত ও মূল্যবোধ সম্পন্ন নাগরিকেরাই কেবল অন্যায়, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে।
বিপ্লব বিশ্বাস
গোয়ালচামট, ফরিদপুর