আগৈলঝাড়ায় অপহূত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

আগৈলঝাড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় র্যাবের সহযোগিতায় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বরিশাল জিলা স্কুলের মোড় থেকে অপহরণকারী রাসেল মুন্সিকে গ্রেফতার করা হয়। রাসেল মুন্সি ওরফে হূদয় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার কর্ণকাঠি গ্রামের আব্দুল লতিফ মুন্সির ছেলে। অপহরণকারীর দেওয়া তথ্যমতে গতকাল বুধবার ঢাকা থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার সুজনকাঠি গ্রামের গৈলা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গত সোমবার স্থানীয় দোকানে চিপস কিনতে গেলে সেখান থেকে তাকে জোর করে রাসেল ও অজ্ঞাতনামা লোকজন মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে মঙ্গলবার রাসেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দু-তিন জনকে আসামি করে                  আগৈলঝাড়া থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, মামলার পর বরিশাল র্যাব-৮-এর সহযোগিতায় মঙ্গলবার জিলা স্কুলের মোড় থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। পরে রাসেলের দেওয়া তথ্যমতে অবস্থান শনাক্ত করে গতকাল ঢাকা থেকে অপহূত ঐ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেলকে গতকাল বরিশাল আদালতে পাঠানো হয়েছে। আজ ভিক্টিমকে আদালতে জবানবন্দি প্রদান ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।