আকস্মিক ভারী বর্ষণে পঞ্চগড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামাঞ্চল তো বটেই জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল করে ভরাট করা ও স্বাভাবিক পানি প্রবাহের ব্যবস্থা না থাকাই জলাবদ্ধতার কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৭.৭ মিলিমিটার। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে।
সরেজমিনে দেখা গেছে, জলাবদ্ধতার ফলে পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদামের দেওয়াল দিয়ে পানি ঢুকে পড়েছে। এর ফলে গুদামে সংরক্ষিত ১৬৯ বস্তা চাল ভিজে গেছে। কর্তৃপক্ষ গুদাম থেকে চাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।