নওগাঁর আত্রাইয়ে আকস্মিক টর্নেডোর আঘাতে দুই গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর ও জগদাশ গ্রামের ওপর দিয়ে বয়ে যায় এই টর্নেডো। এতে গাছপালা ও দেওয়াল চাপা পড়ে শিশুসহ আহত হয়েছে কমপক্ষে পাঁচ জন। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বিদ্যুতের পাঁচটি খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে পড়ে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চালায়। পাঁচুপুর গ্রামের জালাল হোসেন জানান, কয়েক মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে তাদের ঘরের চাল উড়ে যায়। তাদের গ্রামের ৫০ পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে। জগদাশ গ্রামের আহত আলিমদ্দিন জানান, তাদের গ্রামের দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বাস করছে।
পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী প্রামাণিক বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে।
আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার রাতে টর্নেডো আকস্মিক আঘাত হানার কারণে সড়কে গাছপালা পড়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়লে আমাদের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে।’
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম জানান, টর্নেডোয় উপজেলার পাঁচুপুর ও জগদাশ গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। বহু পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণে সহায়তার আশ্বাস দেন তিনি।