ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলছে কি না, তা পর্যবেক্ষণের জন্য আগামী দুই মাসের মধ্যে যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিআরটিএ কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রুলের শুনানিকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ। তিনি বলেন, দেশের সড়কে প্রায় ৪০ লাখ যানবাহন চলাচল করে। সড়কগুলোতে কী ধরনের গাড়ি চলছে, তা পর্যবেক্ষণে বাংলাদেশে ফিটনেস টেস্টিং সেন্টারের সংখ্যা অপ্রতুল।
এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।